দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে জর্ডান ও যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে জর্ডান ও যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি
ছবি: সংগৃহীত।

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে নতুন পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও জর্ডান। চুক্তি অনুযায়ী, জর্ডান থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত থাকবে।

ওয়াশিংটনে স্বাক্ষরিত এ চুক্তিতে সই করেন জর্ডানের শিল্প, বাণিজ্য ও সরবরাহমন্ত্রী ইয়ারুব কুদাহ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় জর্ডানের তৈরি পোশাক ও বস্ত্রখাত যুক্তরাষ্ট্রের বাজারে আরও অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবে। পাশাপাশি কৃষিপণ্য ও মোটরযানসহ মার্কিন পণ্যের জর্ডানের বাজারে প্রবেশও সহজ হবে।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, যুক্তরাষ্ট্র জর্ডানি আমদানির ওপর পাল্টা শুল্কের হার সর্বোচ্চ ১০ শতাংশে সীমাবদ্ধ রাখবে এবং জর্ডানের পুরো পোশাক ও বস্ত্রশিল্পকে মার্কিন বাজারে বিশেষ অগ্রাধিকার দেবে।

এতে জর্ডানের যুক্তরাষ্ট্রে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে দেশটির যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল ৫৯৫ মিলিয়ন জর্ডানিয়ান দিনার (প্রায় ৮৩৯.২ মিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে প্রধান রপ্তানি পণ্য ছিল তৈরি পোশাক, বস্ত্র, গয়না, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ওষুধ।

চুক্তিটি প্রায় এক বছরের আলোচনার পর সম্পন্ন হয়েছে এবং এটি ২০০১ সালের যুক্তরাষ্ট্র-জর্ডান মুক্ত বাণিজ্য চুক্তির ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।

জর্ডানও ২০০১ সালের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় মার্কিন পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা বহাল রাখবে। পাশাপাশি পরিবেশ আইন বাস্তবায়ন, শ্রমিকের অধিকার সুরক্ষা, মেধাস্বত্ব রক্ষা, ন্যায্য বাণিজ্য নিশ্চিতকরণ, আধুনিক কাস্টমস ব্যবস্থা চালু এবং অশুল্ক বাণিজ্য বাধা দূর করার মাধ্যমে মার্কিন পণ্যের বাজার প্রবেশাধিকার আরও সম্প্রসারণ করবে।

এছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় বাণিজ্যিক চুক্তিও হয়েছে। এর মধ্যে রয়েছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের ১.৪ বিলিয়ন ডলারে ছয়টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনা, অতিরিক্ত উড়োজাহাজের জন্য ৫০০ মিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি লিজ চুক্তি, জর্ডানের ওষুধ কোম্পানি হিকমার ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি এবং জর্ডানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি বছর ৩০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন কাঁচামাল কেনার চুক্তি।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরাইল, ইকোনোমি মিডল ইস্ট।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন