লেবাননে খ্রিস্টানদের ধর্মীয় ভবন ধ্বংস করেছে ইসরাইল

আমার দেশ অনলাইন

লেবাননে খ্রিস্টানদের ধর্মীয় ভবন ধ্বংস করেছে ইসরাইল
২৫শে ডিসেম্বর, ২০২৫ তারিখে লেবানন-ইসরাইল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের খ্রিস্টান-অধ্যুষিত এলাকা ইয়ারুন শহরের সেন্ট জর্জেস চার্চ। ছবি: সংগৃহীত।

লেবাননের দক্ষিণাঞ্চলে খ্রিস্টানদের একটি ‘ধর্মীয় স্থাপনা’ ক্ষতিগ্রস্ত করার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা ল'ওভ্রে ডি'ওরিয়েন্ট তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইসরাইলি সৈন্যরা দক্ষিণ লেবাননে গ্রিক-ক্যাথলিক ধর্মীয় সম্প্রদায় সালভাতোরিয়ান সিস্টারদের একটি কনভেন্ট ধ্বংস করেছে। তারা এটিকে উপাসনালয়ে ‘ইচ্ছাকৃত’ হামলা বলে অভিযোগ করেছে।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইয়ারুন গ্রামে কর্মরত সৈন্যরা ওই এলাকায় তাদের ভাষায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার সময় একটি ধর্মীয় চত্বরের ভেতরের একটি ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই এক্স-কে বলেন, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য বাহিনীর অভিযান চলাকালে একটি ধর্মীয় চত্বরে অবস্থিত একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো দাবি করেন, ক্ষতিগ্রস্ত ভবনটি যে ধর্মীয় স্থাপনা—এমন কোনো স্পষ্ট চিহ্ন সেখানে দেখা যায়নি। পরে একই কমপ্লেক্সের অন্য একটি ভবনে ধর্মীয় পরিচয়ের চিহ্ন স্পষ্ট হলে বাহিনী অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতে পদক্ষেপ নেয়।

তবে একটি ক্যাথলিক দাতব্য সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাটি একটি কনভেন্ট (ধর্মীয় আশ্রম) এবং তারা এ ঘটনাকে উপাসনালয়ের ওপর ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও লড়াই অব্যাহত থাকায়, আদরাই ওই কম্পাউন্ডের ভেতর থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে হিজবুল্লাহর ছোড়া একাধিক রকেট হামলার কথা উল্লেখ করে এলাকায় সেনা উপস্থিতিকে যৌক্তিক বলে দাবি করেছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...