চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেহরান সমঝোতায় না এলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে মার্কিন হামলা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আগামী সপ্তাহটি তাদের (ইরান) জন্য সত্যিই খুব খারাপ হতে চলেছে। কারণ আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে আঘাত হানা হবে।’’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘‘তারা যদি আলোচনার টেবিলে এসে চুক্তিতে সম্মত না হয়, তবে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেব।’’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন টানা চতুর্থ দিনের মতো ইরানে বিমান হামলা চালাচ্ছে এবং দেশটির সমুদ্রবন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ আরোপ করেছে, ঠিক তখনই ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য এলো।

উল্লেখ্য, গত ১৭ জুন দুই পক্ষের মধ্যে হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে মূল সংঘাত চলছে।

যুক্তরাষ্ট্রের এই হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, ‘‘যতক্ষণ না আমি বলব যে যথেষ্ট হয়েছে, ততক্ষণ এই হামলা চলতেই থাকবে।’’

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন