ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে
ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তেহরান নিজেদের আচরণে পরিবর্তন না আনলে অদূর ভবিষ্যতে ‘বড় কিছু’ ঘটতে পারে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমার প্রশ্ন হলো—আমি কি পুরো দেশটিকে ধ্বংস করে দেব, আর যদি দিই তবে তা কখন করব? তাদের উচিত ঠিকঠাক আচরণ করা।’

ইরানকে ঘিরে তার সামনে থাকা বিকল্পগুলো ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি পথ হলো দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, আরেকটি হলো দেশটির অর্থনীতিকে ‘পচে যেতে’ দেওয়া। অন্যদিকে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগও রয়েছে। তবে সামনে খুব শিগগিরই ‘বড় কিছু’ ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহকে ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন সাক্ষাৎকারের জন্য তিনি ‘সম্ভবত উন্মুক্ত’।

মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরও ইয়েমেনের এই গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটনের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, হুথিরা মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই না করার বিষয়ে সম্মত হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন