কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির উঠানে বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের গোপদিঘি দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদির ও নাসিমা আক্তার দম্পতির মেয়ে হাফিজা আক্তার (৪) এবং জুয়েল মণ্ডল ও বাসন্তী রানি মণ্ডল দম্পতির ছেলে অমিত মণ্ডল (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনের উঠানে খেলাধুলা করছিল হাফিজা ও অমিত। খেলার একপর্যায়ে হঠাৎ বাড়ির সংলগ্ন বর্ষার পানিতে পড়ে যায় শিশু হাফিজা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যায় শিশু অমিতও। দীর্ঘসময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বর্ষার পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, শিশুদের হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

