১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে দশ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে পাঁচ হাজার কৃষি শ্রমিক এবং পাঁচ হাজার মৎস্য শ্রমিক নেওয়া হবে।

তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এসময় দুই দেশের শ্রমবাজার ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। এটি আগের সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিত ওমানে যেতে পারেন, সে চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দক্ষ অভিবাসনের ওপর সরকার জোর দিচ্ছে। বিষয়টি ওমান সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানুষ যাতে ওমানে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সেটি চাওয়া হচ্ছে। এ বিষয়ে ওমানও আগ্রহ দেখিয়েছে। এ নিয়ে দুই দেশ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন