প্রধানমন্ত্রী তারেক রহমানকে চেয়ারম্যান করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ‘ট্রাস্টি বোর্ড’ এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ‘নির্বাহী কমিটি’ গঠন করা হয়েছে। উভয় কমিটিতে একই ব্যক্তিদের রাখা হয়েছে। আলোচিত সংসদ সদস্য কিশোরগঞ্জ-৪ আসনের ফজলুর রহমানও রয়েছেন এ কমিটিতে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২২ জুলাইয়ের প্রজ্ঞাপন সোমবার গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান করে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানকে।
এছাড়া দুটি কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের মনিরুল হক চৌধুরী, নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক।
দুটি কমিটিতেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সদস্যসচিব করা হয়েছে। এছাড়াও অর্থ, শিল্প এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবকে ট্রাস্টি/সদস্য করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


