ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসি প্রশাসকের ফগার মেশিন বিতরণ

ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসি প্রশাসকের ফগার মেশিন বিতরণ
ঢাবির দুই হলে ফগার মেশিন উপহার দেন প্রশাসক আবদুস সালাম। ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে দুটি ফগার মেশিন উপহার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই হল কর্তৃপক্ষের কাছে এসব ফগার মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও মশার উপদ্রব বেড়ে যাওয়ায় আবাসিক শিক্ষার্থীরা নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে। সেই প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ব্যবহারের জন্য দুটি মশক-নিরোধক ফগার মেশিন উপহার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এবং এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যমান জলাবদ্ধতা সমস্যার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শুধু তাৎক্ষণিক উদ্যোগ নয়, টেকসই অবকাঠামোগত সমাধানের মাধ্যমেই এ সমস্যার স্থায়ী অবসান সম্ভব।

তিনি আরও বলেন, নতুন গণতান্ত্রিক সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক যেকোনো ধরনের গণদুর্ভোগ মোকাবিলায় ধৈর্য, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যের বিকল্প নেই। এসব সংকটের টেকসই সমাধানে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম ঘোষণা দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ৫০০টি চারাগাছ উপহার দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়া দুই হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন