ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
আইজেনকোট ও নেতানিয়াহু। ছবি: আলজাজিরা

ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে আলোচনায় বসেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে পালাক্রমে দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছেন তিনি।

রোববার সকালে তেল আবিবে ইসরাইলি সামরিক সদর দপ্তরে দুই নেতার বৈঠক শুরু হয়। এর আগে তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং গ্রহণ করেন। পরে সম্ভাব্য ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে।

বিজ্ঞাপন

নেতানিয়াহু প্রস্তাব দিয়েছেন, নতুন সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট। আর তিনি দায়িত্ব পালন করবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে। যদিও পার্লামেন্টে নেতানিয়াহুর লিকুদ পার্টির আসনসংখ্যা বেশি, তবু জাতীয় নিরাপত্তার স্বার্থে এবার সেই নীতি থেকে সরে আসতে রাজি হয়েছেন বলে জানান তিনি।

আইজেনকোট বলেছেন, লিকুদ পার্টি প্রকৃত অর্থে ঐক্য সরকার গঠনে আগ্রহী কি না, তা আগামী ২৪ ঘণ্টায় যাচাই করতে চান তিনি। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। এ ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ নেবেন না বলে জানিয়েছেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা ৪৮।

এদিকে নেতানিয়াহুর ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান। তার অভিযোগ, নেতানিয়াহু কৌশলে সময়ক্ষেপণ করছেন এবং নতুন নির্বাচনের পথ তৈরি করতে চাইছেন।

জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও নেতানিয়াহুর বিরুদ্ধে সরকার পরিবর্তনের উদ্যোগ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন। তার মতে, জনগণের রায় অনুযায়ী বর্তমান সরকারকে বিদায় করে নতুন সরকার গঠনের সময় এসেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...