ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করতে প্রস্তুত বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক মাইকেল র্যাটনি।
মাইকেল র্যাটনি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ছিলেন। তিনি ইসরাইলে মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
র্যাটনি আল–জাজিরাকে বলেন, ট্রাম্পের প্রতিক্রিয়া যা-ই হোক, প্রকাশ্যে গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করাই নেতানিয়াহুর জন্য ভালো হবে বলে তিনি মনে করছেন।
তার মতে, আগামী কয়েক মাসে নেতানিয়াহুর নির্বাচনী সম্ভাবনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাম্পের সঙ্গে তার বাস্তব যোগাযোগ কেমন এবং পরিকল্পনার কিছু অংশে তিনি শেষ পর্যন্ত কতটা সম্মতি দেবেন, সেটি গৌণ। ইসরাইলের ভোটারদের সামনে নেতানিয়াহু কী অবস্থান তুলে ধরছেন, সেটিই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
র্যাটনি বলেন, ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহুর প্রকাশ্য অবস্থান তার দেশের ভোটারদের মনোভাব বিবেচনা করেই নির্ধারিত হতে পারে। তাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সম্ভাব্য প্রতিক্রিয়ার ঝুঁকি নিয়েও তিনি পরিকল্পনাটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে পারেন।
অর্থাৎ, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎকেই নেতানিয়াহু এখন বেশি গুরুত্ব দিতে পারেন বলে মনে করছেন সাবেক এই মার্কিন কূটনীতিক।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

