সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়নসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে সংস্থাটি।
মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়া সিলেটবাসীর জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ভবিষ্যৎ সিলেটের উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় সিউককে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বয়ের অভাবে একটি উন্নয়নকাজ শেষ হওয়ার পরও নতুন করে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই সিলেটের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে সিউককে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সংস্থাটির রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এসব পদের প্রয়োজনীয়তা, বেতন কাঠামো, নিয়োগের যোগ্যতা এবং প্রবিধানমালা প্রণয়ন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

