যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে তিনি দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
ইসলামাবাদের মধ্যস্থতায় গত এপ্রিলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি আসিম মুনিরের পঞ্চম ইরান সফর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও মুনিরের সঙ্গে রয়েছেন। আইআরএনএ জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান প্রথমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তবে এমন এক সময়ে মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ক্রমবর্ধমান কিছু লক্ষণও দেখা যাচ্ছে বলে তাদের মত।
গত ২৬ সেপ্টেম্বর যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি রূপরেখা দেওয়া হয়েছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে, যা নভেম্বরের শেষ নাগাদ সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

