ফ্লোটিলা কর্মীদের অত্যাচার

ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল অস্ট্রেলিয়া
ছবি : সংগৃহীত

ইসরাইলের অতিডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গাভিরের পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে অস্ট্রেলিয়া। ওই ভিডিওতে দেখা গেছে, ত্রাণবাহী নৌবহর বা ফ্লোটিলার আটক কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে এবং ওই মন্ত্রী তাদের উত্যক্ত করছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াও তাদের দেশে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন,‘ইসরাইলি মন্ত্রী বেন-গাভির যার ওপর অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পোস্ট করা ছবিগুলো অত্যন্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য।’

পেনি ওং আরো বলেন, ‘আমরা তার এই কর্মকাণ্ড এবং আটককৃতদের প্রতি ইসরাইলি কর্তৃপক্ষের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানাই।’

বিবৃতিতে ওং উল্লেখ করেন, ফ্লোটিলায় অংশ নেওয়া ১১ জন অস্ট্রেলীয় নাগরিককে মুক্তি দেওয়ার জন্য অস্ট্রেলিয়া আবারো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরাইল যাতে কোনো বন্দির সঙ্গে খারাপ আচরণ না করে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে কাজ করে, তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডকে (ডিএফএটি) অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দিয়েছি, যাতে আমাদের এই বার্তাটি তার কাছে দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায়।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন