হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি করে পালাল অস্ত্রধারীরা

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি করে পালাল অস্ত্রধারীরা

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক তরুণকে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ আরাফাত হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁকে ধরে গুলি করে পালিয়ে যায় তারা। এ সময় গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান বাদশা বলেন, ‘আমি অসুস্থ। তবে গুলির শব্দের কথা জেনেছি। গুলিবিদ্ধ তরুণের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।’

হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পুলিশ কাজ করছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, হাটহাজারী থেকে আরাফাত নামের এক তরুণ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলির আঘাত হতে পারে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন