ফিলিস্তিনের গাজা উপত্যকায় মেনিনজাইটিসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থা, ওষুধের সংকট, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব এবং বাস্তুচ্যুত মানুষের গাদাগাদি করে বসবাসের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।
গাজা সিটির আল-রান্তিসি শিশু হাসপাতালে গত ১০ দিন ধরে চিকিৎসাধীন দুই মাস বয়সী মোস্তফা হাল্লাউইন মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে। তার শরীরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর এবং বারবার পেট ফুলে যাওয়ার উপসর্গ দেখা দেয়।
মোস্তফার মা আমাল মিডল ইস্ট আইকে বলেন, প্রথমে শিশুটির শরীরে ফুসকুড়ি ও তীব্র জ্বর দেখা দেয়। পরে চিকিৎসকেরা মেনিনজাইটিস শনাক্ত করেন। প্রতিদিন তার বিভিন্ন পরীক্ষা করা হলেও অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। প্রয়োজনীয় ওষুধের ঘাটতির কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসের ৪১৩টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯৪টি ভাইরাসজনিত ও ১১৯টি ব্যাকটেরিয়াজনিত। আক্রান্তদের ৬৮ শতাংশই গাজা সিটির বাসিন্দা।
মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজাজুড়ে মেনিনজাইটিসের সংক্রমণ ও মৃত্যুর দ্রুত বৃদ্ধির কারণে মহামারি সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে উপত্যকায় ১ হাজার ৭৯০ জন মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। শুধু অক্টোবরেই অন্তত ২৭২ জন আক্রান্ত হয়েছেন।
বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড়, অনিরাপদ পানীয় জল, ক্ষতিগ্রস্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ায় সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় পরীক্ষিত পানির নমুনায় জীবাণুর দূষণ জানুয়ারিতে ৬ শতাংশের কম থাকলেও আগস্টে প্রায় ২০ শতাংশে পৌঁছেছে।
যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত আল-রান্তিসি শিশু হাসপাতালেও সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। হাসপাতালের শয্যাগুলো মেনিনজাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের দিয়ে পূর্ণ।
মোস্তফার মা আমাল আশঙ্কা করছেন, হাসপাতালের অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত পৃথক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁর সন্তানের অবস্থার আরও অবনতি হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতার উপকরণ, নিরাপদ খাবার ও পানিরও অভাব রয়েছে।
আমাল গাজায় শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই যুদ্ধে আমরা আমাদের ঘরবাড়ি ও জীবন হারিয়েছি। আমরা আমাদের শিশুদেরও হারাতে চাই না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন





