নাব্যতা সংকটে আটকে আছে ফেরি, মাঝরাতে শঙ্কায় সন্দ্বীপের দুই শতাধিক যাত্রী

নাব্যতা সংকটে আটকে আছে ফেরি, মাঝরাতে শঙ্কায় সন্দ্বীপের দুই শতাধিক যাত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টানা চার দিন বন্ধ থাকার পর বুধবার সন্ধ্যায় সচল হতেই আবারো বিপত্তি ঘটল সন্দ্বীপ-কুমিরা রুটের ফেরি সার্ভিসে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশ্যে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই নাব্যতাসংকট ও পলির কারণে চ্যানেলে যাত্রী ও যানবাহনসহ আটকা পড়েছে ‘কপোতাক্ষ’ নামের ফেরিটি।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঘাট ছেড়ে চ্যানেলে প্রবেশের মুখেই এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে দুটি যাত্রীবাহী বাস, সাতটি ছোট-বড় ট্রাক ও একাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে। যাত্রীসংখ্যা নিয়ে কর্তৃপক্ষের সাথে যাত্রীদের তথ্যে অমিল দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি ফেরিতে প্রায় ১০০ জন যাত্রী রয়েছেন, তবে আটকে পড়াদের ভাষ্যমতে এই সংখ্যা কমপক্ষে ৩৫০ জন।

চারপাশে কাদাপানি ও সাগরের অথৈ অন্ধকার থাকায় ফেরি থেকে নামারও কোনো উপায় নেই। ফলে মাঝপথে আটকা পড়ে সুপেয় পানি ও খাবার সংকটে পড়েছেন যাত্রীরা। সেই সুযোগে ফেরির ক্যান্টিনে থাকা সীমিত খাবারের জন্য অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যাত্রী জারিফ (২০) জানান, মা ও মামাকে নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এবং ক্যান্টিনে ১০ টাকার চানাচুর কিনতে হয়েছে ২৫ টাকায়। বিরূপ আবহাওয়ায় সন্দ্বীপে দুই দিন আটকে থাকার পর পরিবারের সদস্যদের নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া ফারুক (৩০) কিংবা কলেজ শিক্ষার্থী নাহিদার (১৯) মতো অনেকেই মাঝনদীতে এমন আকস্মিক বিপদে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দ্বীপ চ্যানেল থেকে উপকূলের ভেতরের দিকে প্রায় ৩০০ মিটার ড্রেজিং করে পন্টুনটি বসানো হয়েছিল। তবে নিয়মিত খননকাজ না করায় ভরা জোয়ার ছাড়া পন্টুনে ফেরি ঢোকা ও বের হওয়া সব সময়ই ঝুঁকিপূর্ণ থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক ও পোর্ট অফিসার নয়ন শীল এ ঘটনার জন্য মাস্টারের গাফিলতিকে দায়ী করে বলেন, উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটার নির্ধারিত সময়সূচি না মেনে ফেরি চালানোই এই বিপত্তির কারণ।

অন্যদিকে, ফেরির মাস্টার সাইফুল ইসলাম এবং বিআইডব্লিউটিসি-এর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান আশা প্রকাশ করেছেন, রাতের জোয়ারের পানিতে ফেরিটি আপনাআপনি ভেসে উঠবে। তবে জোয়ারে কাজ না হলে বিকল্প উপায়ে টাগবোট দিয়ে টেনে ফেরিটি মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে ২০২৫ সালের ১৪ অক্টোবরও একই স্থানে ফেরি কপোতাক্ষ আটকে গিয়েছিল। সেবারও রাতের জোয়ারে ভেসে ওঠার কথা বলা হলেও শেষ পর্যন্ত দীর্ঘ ২৫ ঘণ্টা পর ১৫ অক্টোবর সকালে তিনটি শক্তিশালী টাগবোটের সাহায্যে ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়েছিল।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন