ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে সমর্থন দেওয়ায় যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
তিনি বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশে দল পাঠিয়েছেন তিনি।
বেসেন্টের ভাষ্য, এসব উদ্যোগের ফল পাওয়া যাচ্ছে। তুরস্ক ও ওমান তাদের দেশে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের সব বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করেছে।
মার্কিন অর্থমন্ত্রী আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।
বেসেন্ট যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, তেহরান যাতে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের এজেন্ডা’ বাস্তবায়ন করতে না পারে, সে জন্য এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। তবে এ ক্ষেত্রে আরো কাজ বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

