ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। খবর আলজাজিরার।
তিনি বলেন, এসব হামলায় ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে। এর ফলে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
লেভিট আরো জানান, অভিযানের অংশ হিসেবে ইরানের ২০টি নৌযান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার ঘটনাও রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এর প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, বৈশ্বিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা দীর্ঘায়িত হলে সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের জ্বালানি খরচ ও সামগ্রিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

