অনন্য নজির স্থাপন করলেন পোপ লিও চতুর্দশ

আমার দেশ অনলাইন

অনন্য নজির স্থাপন করলেন পোপ লিও চতুর্দশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বুলিং’ বা দাম্ভিক আচরণ এবং যুদ্ধংদেহী মনোভাবের বিরুদ্ধে এক সাহসী অবস্থানে দাঁড়িয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। ১৪০ কোটি অনুসারীর এই ধর্মীয় নেতা স্পষ্ট করে দিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনের হুমকি বা শক্তির প্রদর্শনীতে ভীত নন।

সম্প্রতি ইরানসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধের দামামা এবং ট্রাম্পের গণহত্যামূলক হুমকির বিরুদ্ধে সরব হয়েছেন আমেরিকান বংশোদ্ভূত এই পোপ। তিনি সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও তার কড়া সমালোচনা করে বলেছেন, ‘শান্তির ঈশ্বর কখনোই যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, কারণ তাদের হাত রক্তে রঞ্জিত।’

বিজ্ঞাপন

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক প্রার্থনায় পোপ লিও চতুর্দশ বর্তমান সময়ের ‘সর্বশক্তিমান হওয়ার মোহ’ এবং ক্রমবর্ধমান আগ্রাসী আচরণের নিন্দা জানান। তিনি ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যথেষ্ট হয়েছে, এবার থামুন। সত্যিকারের শক্তি জীবন রক্ষা করার সেবায় নিহিত, ধ্বংস করায় নয়।’

পোপের এই অবস্থানের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন থেকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভ্যাটিকানে নিযুক্ত মার্কিন দূত কার্ডিনাল ক্রিস্টোফ পিয়েরের সঙ্গে এক বৈঠকে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওয়াশিংটনের যা ইচ্ছা তাই করার সামরিক ক্ষমতা রয়েছে এবং চার্চের উচিত তাদের পক্ষ নেওয়া।

তবে এমন হুমকির মুখেও নিজের অবস্থানে অনড় পোপ লিও। তিনি বলেন, ‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। সুসমাচারের (গসপেল) বার্তা প্রচার করাই আমার কাজ এবং আমি তাই করছি।’

বিশ্লেষকেরা বলছেন, যেখানে বিশ্বের অনেক বড় বড় নেতা ট্রাম্পের রোষানল থেকে বাঁচতে আপস করে চলছেন, সেখানে পোপ লিও চতুর্দশ নৈতিক স্পষ্টতা এবং সাহসের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। অন্যদিকে, ট্রাম্প নিজেকে যিশুখ্রিষ্টের সমতুল্য চিত্রায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন, যা পরে তিনি মুছে ফেলেন।

পোপের এই কঠোর ও আপসহীন অবস্থান প্রমাণ করেছে মিসাইল বা ক্ষমতার দাপট দিয়ে নীতিবান নেতৃত্বকে দমানো সম্ভব নয়।

সূত্র : আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন