বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান

খুলনা ব্যুরো

বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় খুলনা কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি বিষয়ক এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসন, খুলনা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), খুলনার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব।

তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয় শুধু সরকারের একার দায়িত্ব নয়। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার এবং অপ্রয়োজনীয় সময়ে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের অপচয় রোধ করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করে সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে।

তারা আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় প্রয়োজন অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয়ও কমানো সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়াতে হবে।

সভায় অপ্রয়োজনীয় সময়ে বৈদ্যুতিক বাতি, ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার বিশ্বাস।

সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান।

এ সময় কেডিএ নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ওজোপাডিকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন