আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের যুদ্ধজাহাজ ডুবি, মোদির আঞ্চলিক নিরাপত্তা দাবিতে বিতর্ক

আমার দেশ অনলাইন

ইরানের যুদ্ধজাহাজ ডুবি, মোদির আঞ্চলিক নিরাপত্তা দাবিতে বিতর্ক
ছবি: সংগৃহীত।

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

ইরানি যুদ্ধজাহাজটি ভারতের আমন্ত্রণে অনুষ্ঠিত বহুজাতিক নৌ-মহড়া ‘মিলান’-এ অংশ নেওয়ার পর দেশে ফিরছিল। গত ২৬ ফেব্রুয়ারি ভারতের পূর্ব উপকূলের বিশাখাপত্তনম বন্দর ছেড়ে যাওয়ার পর ৪ মার্চ ভোরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪৪ নটিক্যাল মাইল (৮১ কিমি) দূরে আন্তর্জাতিক জলসীমায় এটি হামলার শিকার হয়।

আলজাজিরার সংবাদে এসেছে, শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযানে ৮০টির বেশি মরদেহ উদ্ধার করেছে এবং ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে জাহাজটির কমান্ডার ও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। এখনও ১০০ জনের বেশি নাবিক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত ইরানি যুদ্ধজাহাজটিকে মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে আঘাত করে ডুবিয়ে দেয়। তিনি বলেন, ‘একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজটিকে ডুবিয়েছে—একটি নীরব মৃত্যু।’

ইরানের তীব্র প্রতিক্রিয়া

এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান থেকে প্রায় ২,০০০ মাইল দূরে সমুদ্রে যুক্তরাষ্ট্র একটি গুরুতর অপরাধ করেছে। তিনি সতর্ক করে বলেন, ‘এই ঘটনার নজির স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে একদিন কঠিন মূল্য দিতে হবে।’

ইরান আরো উল্লেখ করেছে যে, ডেনা ছিল ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রিত অতিথি, যা মহড়া শেষে নিজ দেশে ফিরছিল।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঘটনার পর ভারতের নৌবাহিনী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এক দিনেরও বেশি সময় নিয়েছে, যা সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতের অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল শেখর সিনহা বলেন, আগে ভারত মহাসাগরকে তুলনামূলক নিরাপদ অঞ্চল মনে করা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে সেই ধারণা বদলে যাচ্ছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন ভারতের আশপাশের এলাকায় পৌঁছে গেছে। ফলে নয়াদিল্লিকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।’

ভারতের ভাবমূর্তিতে ধাক্কা

এই ঘটনার ফলে ভারত মহাসাগরে নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে ভারতের যে ভাবমূর্তি ছিল, তা বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা ভারতের নিজস্ব সামুদ্রিক অঞ্চলের কাছেই তার ক্ষমতা ও প্রভাবের সীমাবদ্ধতাকে প্রকাশ করেছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন