অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ঘেরাও ও অবরোধকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরাইলের একজন কট্টর মিত্র এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের প্রতি সমর্থনকারী হাকাবি বৃহস্পতিবার এই অস্বাভাবিক সমালোচনামূলক মন্তব্য করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার থেকে নাবলুসের কাছে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়ি অবরুদ্ধ করে রেখেছে চরমপন্থি বসতি স্থাপনকারীরা।
অবরুদ্ধ ঘরগুলোর একটির মালিক একজন মার্কিন নাগরিক। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, তাদের খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না এবং চারপাশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
মার্কিন নাগরিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ‘স্থবিরতা’ নিয়ে ওঠা সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাকাবি লেখেন, ‘একটি পরিবারকে ভয় দেখানো ও চরম হয়রানি করার উদ্দেশ্যে পরিচালিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত ঘৃণ্য। এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত হতে পারে না।’
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে এসব ‘ইসরাইলি সন্ত্রাসীদের’ সেখান থেকে সরিয়ে দিতে কাজ করছে দেশটির সরকার।
হাকাবির মতো একজন ব্যক্তির মুখে এমন বক্তব্য পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ। ইভানজেলিক্যাল খ্রিস্টান যাজক হাকাবি অতীতে পশ্চিম তীরে বিতর্কিত ইহুদি বসতি স্থাপনের পক্ষে ছিলেন এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাও প্রত্যাখ্যান করেছিলেন। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর অবৈধভাবে দখল করে রেখেছে ইসরাইল।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির পাশাপাশি ৫ লক্ষাধিক ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি সম্পূর্ণ অবৈধ।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


