ইয়েমেন সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে হুথিদের হুঁশিয়ারি

ইয়েমেন সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে হুথিদের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইয়েমেনে হস্তক্ষেপ করলে পাকিস্তান ও তুরস্ককে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হুঁশিয়ারি দেওয়া হলো।

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি ইরাকি টেলিভিশন অনুষ্ঠান অ্যানাদার রিডিংকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তুরস্ক ও পাকিস্তান এই সংঘাতে সামরিকভাবে যুক্ত হলে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, এই হুঁশিয়ারি দুই দেশের জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের সরকারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সৌদি আরবের ওপর হুথিদের অব্যাহত হামলার কারণে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং এর পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেওয়া হলো। চুক্তি অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা গুরুতর হুমকির মুখে পড়লে জোটের অংশ হিসেবে তুরস্ক প্রয়োজনীয় সামরিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে পাকিস্তান শুরু থেকেই সৌদি আরবের ওপর হুথিদের হামলার নিন্দা জানিয়ে আসছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা পাকিস্তানের ধর্মীয় দায়িত্ব এবং এ ক্ষেত্রে কোনো চুক্তির ওপর নির্ভর করতে হবে না।

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীও সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের নিঃশর্ত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, হারামাইন শরিফাইন ও সৌদি রাজ্যের নিরাপত্তায় প্রয়োজন হলে পাকিস্তান ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন