নরসিংদী সদর উপজেলার পাইকারদী বাজারে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবহার করে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভেঙে ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ শতাধিক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারের সুবিধাভোগী একটি চক্রান্তকারী গোষ্ঠী কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে বিপুল অর্থের বিনিময়ে সড়ক বিভাগের কয়েকজন কর্মকর্তাকে প্রভাবিত করেছে। ওই চক্রের যোগসাজশে গত ১২ আগস্ট পাইকারদী বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণ ব্যবসায়ীরা লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ব্যবসায়ীদের দাবি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কতিপয় কর্মকর্তা মোটা অঙ্কের বিনিময়ে স্থানীয় আওয়ামী প্রভাবে গড়ে ওঠা ব্যক্তিবর্গকে বহুতল ভবন নির্মাণের মৌখিক অনুমোদন দিয়েছেন। পরবর্তীকালে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছেও অনৈতিক মাসোহারা দাবি করে সওজের সেই চক্রটি। ব্যবসায়ীরা মাসোহারা দিতে অস্বীকৃতি জানালে অন্যায়ভাবে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়।
এ অবস্থায় ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী বলেন, পাঁচদোনা থেকে ডাঙ্গা সড়কটির দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ব্যবসায়ীদের আগেই নোটিশ ও চিঠির মাধ্যমে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

