তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছে কুয়েত।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে গভীর রাতে ফোনালাপ হয়। এ সময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র জন্য ইসহাক দারকে অভিনন্দন জানান।
ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিস্থিতিও উঠে আসে।
এ ছাড়া পাকিস্তান-কুয়েত দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক পাকিস্তান সফরের পরবর্তী পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগ আরও জোরদারের উপায় নিয়েও কথা হয়।
শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ করা।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


