সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সাময়িকভাবে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গতকাল বিমানবন্দরের ১৫৫টি আগমনী ও ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের ওপর দিয়ে শুধু একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।
হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি গতকাল রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এর আগে গত বৃহস্পতিবার এবং চলতি সপ্তাহের আরো কয়েকটি সময়ে হুথিদের হামলার কারণে বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি আরবের রাজধানীতে তাদের ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। সর্বশেষ হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

