জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাহারের দাবি রাশিয়ার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাহারের দাবি রাশিয়ার
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মস্কো।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ দেশটির সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে জানিয়েছেন, মস্কো এই প্রস্তাব সমর্থন করতে পারে না। উপসাগরীয় দেশগুলোর সমর্থনপুষ্ট এই প্রস্তাব নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেন তিনি।

আলেকজান্ডার আলিমভ বলেন, ‘আমরা এই খসড়া প্রস্তাবের সহলেখকদের (যুক্তরাষ্ট্র ও বাহরাইন) এটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই প্রস্তাবের কোনো কার্যকারিতা আমরা দেখছি না, তাই এটি নিয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’

উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, হরমুজ প্রণালি ইস্যুতে রাশিয়া ও চীন একটি বিকল্প খসড়া প্রস্তাব তৈরি করেছে। সেখানে সব পক্ষকে যুদ্ধ বন্ধ করা, শক্তির ব্যবহার থেকে বিরত থাকা এবং আলোচনার টেবিলে বসে সব মতপার্থক্য নিরসনের আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের নিজস্ব সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবটি কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থন করেছে। তবে নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

অন্যদিকে প্রস্তাব সমর্থনকারী উপসাগরীয় দেশগুলোর কেউই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...