কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য মোতায়েনের উদ্দেশ্যে লোহিতসাগরের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে ফ্রান্সের বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের কারণে কার্যত স্থবির হয়ে পড়া এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, একটি বহুজাতিক মিশন এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নৌচলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই রণতরি বহরে ইতালি ও নেদারল্যান্ডসের যুদ্ধজাহাজও অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার তারা সুয়েজখাল অতিক্রম করে দক্ষিণ লোহিতসাগরের দিকে যাত্রা শুরু করেছে।
ফ্রান্স ও ব্রিটেন গত কয়েক সপ্তাহ ধরে একটি প্রস্তাব নিয়ে কাজ করছে, যার লক্ষ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া মাত্রই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের পথ সুগম করা।
মাক্রোঁ এই উদ্যোগকে ‘সম্পূর্ণ রক্ষণাত্মক’ এবং ‘যুদ্ধরত পক্ষগুলো থেকে পৃথক’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


