হরমুজ প্রণালি পার হলো এলএনজি বোঝাই আমিরাতের ট্যাঙ্কার

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি পার হলো এলএনজি বোঝাই আমিরাতের ট্যাঙ্কার
ছবি: বিবিসি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি বিশাল জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে।

জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি ও শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলার।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক-এর মালিকানাধীন ‘মুবারাজ’ নামের এই ট্যাঙ্কারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ কিউবিক মিটার এলএনজি নিয়ে গত ২ মার্চ আমিরাতের দাস দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল। তবে এরপর থেকে জাহাজটি প্রায় এক মাস তার অবস্থান শনাক্তকারী যন্ত্র (এআইএস ট্রান্সপন্ডার) বন্ধ রেখেছিল। গত সোমবার ভারতের উপকূলে জাহাজটির সংকেত আবার পাওয়া যায়।

কেপলার-এর বিশ্লেষক চার্লস কস্টেরাস জানান, ধারণা করা হচ্ছে গত ১৮-১৯ এপ্রিলের দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। ওই সময় আরো বেশ কিছু জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল।

যদিও অ্যাডনক কর্তৃপক্ষ তাদের জাহাজের অবস্থান বা চলাচলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহ প্রায় বন্ধ ছিল। মুবারাজ-এর এই সফল যাত্রা বিশ্ব জ্বালানি বাজারে নতুন আশা জাগাচ্ছে। বর্তমানে জাহাজটি চীনের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...