মার্কিন অবরোধ অব্যাহত থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হুঁশিয়ারি ইরানের

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হুঁশিয়ারি ইরানের
এআই দ্বারা নির্মিত ছবি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে এই পদক্ষেপের জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধসহ অন্যান্য নৌপথ রুদ্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন যদি তাদের বন্দর অবরুদ্ধ অবস্থা বজায় রাখে, তাহলে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরো কঠোর করা হবে। সেই সঙ্গে অন্যান্য প্রধান প্রধান সমুদ্রপথও সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ করে দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

বিবৃতিতে ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে অন্য কোনো প্রণালির নাম উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, তেহরানের ঘনিষ্ঠ মিত্র হুতিদের নিয়ন্ত্রণে থাকা বাব আল-মানদেব প্রণালি ও এডেন উপসাগরের দিকেই ইঙ্গিত করা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নৌ অবরোধ বহাল থাকলে বিশ্ব জ্বালানি বাজার চরমভাবে ব্যাহত হবে।

বিবৃতিতে মার্কিন ভোটারদের বিষয়টিও পরোক্ষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়। বিশ্ববাজারে জ্বালানির এই সম্ভাব্য সংকট যে সরাসরি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে গ্যাসের দাম বাড়াবে এবং মার্কিন রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে, সে বিষয়টিও এতে স্পষ্ট ফুটে উঠেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন যেকোনো পদক্ষেপের পাল্টা জবাব দিতে এবং নিজস্ব প্রতিরোধব্যবস্থা জোরদার করতেই ইরান এই নতুন মেরুকরণ বা রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চাইছে।

ইরানের জাতীয় জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে সম্ভাব্য হামলার জল্পনা-কল্পনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই চরম হুঁশিয়ারি এলো।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন