শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান

শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান
ছবি: রয়টার্স

ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে ইরান।

বিজ্ঞাপন

কিয়েভের পক্ষ থেকে ‘দুঃখ প্রকাশ’ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই এ তথ্য জানান।

রেজাই বলেন, ইউক্রেনে হামলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে পরে অভিযানটি বাতিল করা হয়।

তিনি আরো বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ‘অবৈধ পথে’ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের এই সামরিক উপদেষ্টা দাবি করেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তার দাবি, মার্কিন বাহিনী এ সময়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

এর আগে গত ২৫ জুলাই ইরান অভিযোগ করে, ইউক্রেন কাস্পিয় সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ওই ঘটনায় একজন নাবিক নিহত হন।

ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার কাছে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

ইরান ও ইউক্রেনের মধ্যে উত্তেজনার মধ্যেই দেশটির পক্ষ থেকে ইউক্রেনে সম্ভাব্য হামলার পরিকল্পনার এই তথ্য সামনে এল। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন