ইরানে মুনির-শাহবাজের বার্তা পৌঁছে দিলেন নাকভি

ইরানে মুনির-শাহবাজের বার্তা পৌঁছে দিলেন নাকভি

আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করতে ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সফরকালে ইরানের প্রেসিডেন্টের কাছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বার্তা পৌঁছেছেন বলে জানা গেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, মঙ্গলবার রাতে নাকভি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, অঞ্চলটির বিভিন্ন পক্ষের মধ্যে গঠনমূলক যোগাযোগ এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।

ইরান সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নাকভি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের একটি বার্তা পৌঁছে দিয়েছেন। তবে ওই বার্তার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্ত ছিলেন নাকভি। তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

এদিকে যুদ্ধ-পরবর্তী সময়ে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়ে অনড় রয়েছে ইরান। প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে তেহরান। একই সময়ে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রও অবরোধ আরোপ করেছে।

গত সপ্তাহে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য প্রতিবেশী ওমানের সঙ্গে একটি রুটে সমঝোতা হয়েছে। কৌশলগত এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানায় তেহরান।

এর মধ্যেই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে তারা গুলি চালিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন