ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা
ছবি: সংগৃহীত

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আলমাসরি বলেছেন, সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে হুথিদের হামলা চালানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে সংঘাত আরো তীব্র হতে চলেছে।

আল-জাজিরাকে তিনি বলেন, ‘আমার মনে হয় এটি হুথিদের পক্ষ থেকে সৌদিদের জন্য একটি সতর্কবার্তা। যার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে, তোমাদের পুরো তেলশিল্প অচল করে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি তিনি; বিশেষ করে যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়।

আলমাসরি বলেন, ‘আমার ধারণা, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যুদ্ধের নতুন কোনো ফ্রন্টে জড়িয়ে পড়তে চায় না।’ তিনি আরো বলেন, সৌদি আরবের অন্যান্য মিত্রদের সামরিকভাবে হস্তক্ষেপ করার সম্ভাবনাও কম।

সৌদিরা একধরনের কঠিন পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা অনেক মিত্রের দ্বারস্থ হয়েছে। মিত্ররা লজিস্টিক সহায়তা, গোয়েন্দা তথ্য ও অস্ত্রের মতো কিছু সহায়তা দিচ্ছে ঠিকই; কিন্তু পাকিস্তান, তুরস্ক, মিসর, যুক্তরাষ্ট্র বা অন্য কারো পক্ষ থেকেই সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘শুরু থেকেই হুথিরা অত্যন্ত স্পষ্ট করে বলেছে যে, সৌদি আরব ছাড়া অন্য কারো জন্য বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তাই বড় কোনো সামরিক মোতায়েন দেখা গেলে আমি অবাকই হব।’

সূত্র: আল-জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন