মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪জন মাদক কারবারি ও ৮জন মাদকসেবী রয়েছেন। মাদকসেবীদের মধ্যে ৭জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে মাদক কারবারি ৪জন এবং মাদক সেবনের সঙ্গে জড়িত ৮ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে ৭ জন মাদকসেবীর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মাদক কারবারি মো. সাদ্দাম প্রধানিয়া (২০), আবদুল মান্নান সরকার (২৯), গোলাম রাব্বী (২২) ও শাহ আলম (৩০)। মাদক সেবনের সঙ্গে জড়িত সাব্বির হোসেন (২১), জিসান (২০), মো. জিসান (১৮), মো. সৈকত দেওয়ান (২৯), রবিউল হাসান (২৭), মো. শফিকুল ইসলাম (৫২), হাবিব (২৬) ও মো. জামান মাঝি (৩৫) তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়ংকর হুমকি। মাদক কারবারি কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন