হরমুজে মার্কিন সামুদ্রিক ড্রোন জব্দের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

হরমুজে মার্কিন সামুদ্রিক ড্রোন জব্দের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় সাবমেরিন ড্রোন বা আন্ডারওয়াটার ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে ইরানের এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি উন্নতমানের সাবমেরিন ড্রোন আটক করেছে। বাহিনীটির দাবি, এটি ‘রেমাস ৬০০’ নামের একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডুবোযান, যা গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ আইআরজিসির এক বিবৃতির বরাতে জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে মার্কিন ড্রোনটি শনাক্ত ও আটক করা হয়। বর্তমানে ড্রোনটি আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরে থাকা তথ্য উদ্ধারের কাজ চলছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি আরো জানিয়েছে, হরমুজ প্রণালিতে ‘বিপজ্জনক তৎপরতা’ এবং অনুমোদনহীন চলাচল ঠেকাতে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে বাহিনীটি দাবি করেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং সেখানে অননুমোদিত প্রবেশের বিরুদ্ধে তারা ‘শক্তিশালী ও নিরলস’ ব্যবস্থা অব্যাহত রাখবে।

তবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র তার সব কার্যরত ড্রোন সম্পদের ওপর ‘ইতিবাচক নিয়ন্ত্রণ’ বজায় রেখেছে।

ইরানের দাবি প্রসঙ্গে মার্কিন এই সামরিক কর্মকর্তা বলেন, হতাশা থেকে আইআরজিসি এই দাবি করেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন