ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের সমালোচনা করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসেন রেজাই।
মোহসেন রেজাই ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেছেন, এই অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও বাহিনী বড় ধরনের ঝুঁকি এবং হতাহতের মুখে পড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও বাহিনী গুরুতর ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে। অন্যথায় আমরা এটি মেনে নেব না। হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো পথ খোলার অনুমতি আমরা কখনো দেব না।’
যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় চালু করে। এর আগে জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি সমঝোতা স্মারক হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে ভেঙে যায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এ ছাড়া দুটি জাহাজ অকার্যকর করা হয়েছে এবং আরো দুটি জাহাজে অভিযান চালানো হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে পরিবহন করা হয়। এ কারণে অঞ্চলটিতে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

