দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬। বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত এ ট্রাভেল মার্টে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), পর্যটন সংস্থা ও বিভিন্ন ট্রাভেল সার্ভিস প্রতিষ্ঠানের অংশগ্রহণ রয়েছে।

বিজ্ঞাপন

মেলার বিভিন্ন স্টলে দেশ-বিদেশের নানা গন্তব্যের ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং অন্যান্য ভ্রমণসুবিধা ও বিশেষ অফার তুলে ধরা হচ্ছে।

মেলায় ভ্রমণপ্রেমীদের উপস্থিতিও দেখা গেছে। দর্শনার্থীরা পছন্দের গন্তব্যের ট্যুর প্যাকেজ সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি এয়ার টিকিট, হোটেল ও ভিসা সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও অফার যাচাই-বাছাই করছেন।

আয়োজকদের তথ্যমতে, এবারের ট্রাভেল মার্টে প্রায় ১০০ প্রদর্শক ও ৬০ জন ট্রেড বায়ার অংশ নিচ্ছেন। তিন দিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বোটোয়া জানিয়েছে, দেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করবে এ মেলা।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ প্রি-শিডিউলড বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বায়ার-সেলার মিটিং। অনলাইন প্রি-শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট (পিএসএ) ব্যবস্থার মাধ্যমে বায়ার ও সেলাররা আগে থেকেই পছন্দের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারছেন।

আয়োজকদের মতে, এর মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ, ট্যুর প্যাকেজ ও সেবা বিনিময়, চুক্তির সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

মেলায় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিটুবি এবং সাধারণ দর্শনার্থীদের জন্য বিজনেস-টু-কনজ্যুমার (বিটুসি) কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হচ্ছে। বিটুবি অংশে ট্রাভেল ট্রেডের পেশাজীবীরা দেশি-বিদেশি বায়ার ও সেলারদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, বিটুসি অংশে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং আন্তর্জাতিক গন্তব্য সম্পর্কে সরাসরি তথ্য নিতে পারছেন।

বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্টকে তারা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছেন না; বরং এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম।

তিনি বলেন, দেশি-বিদেশি বায়ার, সেলার ও পর্যটন সেবাদাতাদের একই জায়গায় এনে বাস্তব ব্যবসায়িক সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়লে দেশের পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, তারা এমন একটি আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম তৈরি করতে চান, যেখানে প্রদর্শনী দেখার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক যোগাযোগ ও ফলপ্রসূ বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সাধারণ ভ্রমণপ্রেমীরাও বিভিন্ন প্রতিষ্ঠান ও গন্তব্যের অফার সরাসরি যাচাই করার সুযোগ পাবেন।

এর আগে ট্রাভেল মার্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পর্যটন খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন