তিন দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

তিন দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটের তিন দলকে নিয়ে আয়োজন করা হচ্ছে ৫০ ওভারের একটি বিশেষ টুর্নামেন্ট। আগামী ২৮ আগস্ট থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটি।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। মূলত বয়সভিত্তিক পর্যায়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের একসঙ্গে খেলার সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের পারফরম্যান্স মূল্যায়ন করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

২৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।

প্রথম পর্বে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে তিন দল। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে লিগ পর্বে প্রত্যেক দলের সামনে থাকবে মোট চারটি ম্যাচ খেলার সুযোগ।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে ফাইনালে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ।

বিসিবির এই আয়োজনে প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। একই ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজনের ফলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করাও সহজ হবে নির্বাচকদের জন্য।

জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায় বয়সভিত্তিক পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ বাড়ানোর এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন