চাঁদপুরের হাইমচরে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ১৫ মামলার এজাহারভুক্ত আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিমকে (৪০) ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩০ আগস্ট রাতে হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকায় পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের ইব্রাহিম ভূঁঞা বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন হাইমচর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলগী (ইব্রাহিম ভূঁইয়া বাড়ি) গ্রামের আনোয়ার হোসেন ও সেলিনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই গোলাম মোস্তফা, এসআই প্রিয়লাল ঘোষ, পিএসআই সৌরভ দাশ ও এএসআই হান্নান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামির পরিহিত লুঙ্গির গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এফআইআর নং-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬) রুজু করা হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট দায়েরকৃত দস্যুতা ও অপরাধমূলক বলপ্রয়োগ সংক্রান্ত অপর একটি মামলারও (এফআইআর নং-২৩) এজাহারনামীয় আসামি তিনি। পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ৩১ আগস্ট সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

