সাপের কামড়ে মৃত্যু, ঝাড়ফুঁকে জীবিত করার চেষ্টা

সাপের কামড়ে মৃত্যু, ঝাড়ফুঁকে জীবিত করার চেষ্টা
ছবি: আমার দেশ

ফিল্মি স্টাইলে সাপের কামড়ে মৃত ব্যক্তিকে তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার চেষ্টা করেছেন এক তান্ত্রিক। লাশের কাছে সাপ এসেছে বিষ তোলার জন্য—এ খবর ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভিড় করে ঘটনাস্থলে। তাদের ধারণা, টিভির পর্দার মতো বাস্তবেও সর্প দংশনে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে উঠবে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামে শুক্রবার দুপুরে এ দৃশ্য দেখা গেছে। সাপের কামড়ে মৃত যুবক হলেন বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। তিনি জানান, শুক্রবার সকালে লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনার পর লাশের পাশে স্থানীয়রা একটি সাপ দেখতে পেয়েছেন বলে জানান। লাশের শরীর থেকে বিষ তোলার জন্য সাপটি এসেছে—এ খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষের ভিড় শুরু হয়।

চিকিৎসক মৃত ঘোষণার পরও ওই যুবকের তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা যাবে, সেই বিশ্বাসে দুই ঘণ্টাব্যাপী তন্ত্রমন্ত্র পড়া ও ঝাড়ফুঁক করান আত্মীয়স্বজন। এ ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়লে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা আরও জানান, সম্প্রতি মনসার গানের মঞ্চে সাপ দিয়ে দর্শকদের খেলা দেখান বিজয়। খেলা প্রদর্শন শেষে সাপটি বাক্সে রাখার সময় ওই যুবককে সাপ কামড় দেয়। রাতে বাড়িতে ফিরে খাবার শেষে ঘুমাতে গেলে তীব্র ব্যথা অনুভব হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ঝাড়ফুঁকে কাজ না হওয়ায় পরে দাহ কার্য সম্পন্ন করা হয়।

পরিবারের সদস্যদের ধারণা ছিল, ওঝা দিয়ে তন্ত্রমন্ত্র পড়া ও ঝাড়ফুঁক করলে বিজয় আবার জীবিত হয়ে উঠবে। সেই বিশ্বাসে দীর্ঘ সময় মরদেহটিতে তন্ত্রমন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এতে কোনো কাজ হয়নি। বিজয়ের বাবা বিপুল রায় বলেন, ‘ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। তবে আজ মরদেহ বাড়িতে আনার পর আমাদের মনে হলো, তন্ত্রমন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করলে হয়তো বিজয় প্রাণ ফিরে পাবে। সে আশা থেকেই ঝাড়ফুঁক করানো হয়েছে।

দূরদূরান্ত থেকে আসা উৎসুক জনতা জানান, সিনেমা বা টিভির পর্দায় দেখেছি সাপে কাটা মৃত ব্যক্তিকে ঝাড়ফুঁক দিয়ে জীবিত করা হয়। এ ঘটনা শুনে নিজ চোখে দেখতে এখানে ছুটে এসেছি। টিভির পর্দার অভিনয় আর বাস্তব এক নয়।

এদিকে একই দিনে বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের স্কুল পড়ুয়া মেয়ে রোহানা আক্তার রুনাকে (১০) ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। তীব্র ব্যথা অনুভব হলে চিৎকার দিলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, অসেচতনার কারণেই তারা তন্ত্রমন্ত্র দিয়ে মৃত্যু যুবককে বাঁচানোর চেষ্টা করেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, সাপের কামড়ে পৃথক স্থানে ২ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার চেষ্টা দুঃখজনক। অনেক মানুষ তন্ত্রমন্ত্র বিশ্বাস করে। এ ধারণাটি সর্ম্পকে সকলকে সচেতন করা উচিত।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন