পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় আলাদা দুই অভিযানে ১৫ জন নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, মাস্তুংয়ের বিভিন্ন এলাকায় পরিচালিত প্রথম অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়।
প্রতিবেদনে বলা হয়, অভিযান চলাকালে সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।
নিরাপত্তা বাহিনী আরো জানায়, কিল্লি পাসান খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকা সন্ত্রাসীমুক্ত করা হয়েছে।
বেলুচিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সূত্রগুলো জানায়, শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এ দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া।
প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। মোট নিহতের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়ায়। অন্যদিকে বেলুচিস্তানে প্রাণ হারিয়েছে ২৬৫ জন, যা মোট প্রাণহানির ৩৪ শতাংশ।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




