পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি প্রাইভেট কারের সঙ্গে গ্যাস ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে প্রদেশের চাগাই জেলার ডালবন্দিন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
জানা গেছে, প্রাইভেট কারটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন এবং গাড়িটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয় এবং অন্যরা গুরুতর আহত হন। খবর পেয়ে উদ্ধারকর্মী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে ভর্তি করেন।
চাগাইয়ের ডিএসপি আবিদ শেরজাই জানান, আহত পাঁচজনের চিকিৎসা চলছে এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর গ্যাস ট্যাংকারের চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুইজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আরসিডি হাইওয়ের একটি দুর্গম অংশে, যা পাকিস্তান ও ইরানকে সংযুক্ত করেছে। সড়কটির এ অংশে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে চাগাই জেলার ইয়াকমাচ এলাকায় একই মহাসড়কে দুটি ডাবল-কেবিন গাড়ির সংঘর্ষে সাতজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


