ইজিবাইক চালকের মেয়ের এ প্লাস

উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় রুকাইয়া পারভীন

উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় রুকাইয়া পারভীন

দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যেও মেধার অনবদ্য স্বাক্ষর রেখেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের শিক্ষার্থী রুকাইয়া পারভীন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করে তিনি পরিবার ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন। তবে ভালো ফলাফলের আনন্দের মাঝেও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন মেধাবী এই শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের চরম অসচ্ছলতা।

রুকাইয়া পারভীন কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের ইজিবাইক চালক রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির ছোট কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এগিয়ে যাচ্ছেন। ২০২৪ সালে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন রুকাইয়া। এরপর সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস অর্জন করে নিজের মেধার পরিচয় দেন।

বিজ্ঞাপন

তবে রুকাইয়ার এমন সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের সীমাহীন সংগ্রাম ও ত্যাগ। তার বাবা রকিব মল্লিক একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক। প্রতিদিন তিনি ইজিবাইক চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চালান। এর পাশাপাশি মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করা তার জন্য এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে মেধাবী মেয়ের ভবিষ্যৎ কীভাবে গড়বেন, তা নিয়ে দিনরাত ভাবছেন দরিদ্র এই বাবা।

রুকাইয়া পারভীন জানান, ছোটবেলা থেকেই ভালোভাবে পড়াশোনা করে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছি। আমার লক্ষ্য বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ভালো কোনো বিষয়ে ভর্তি হওয়া। কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাবার একার পক্ষে উচ্চশিক্ষার বিপুল খরচ বহন করা অসম্ভব। সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারব।

রুকাইয়ার বাবা রকিব মল্লিক বলেন, মেয়ের প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণের জন্য বর্তমানে সে খুলনায় থেকে কোচিং করছে। কিন্তু আমি সামান্য ইজিবাইক চালক; প্রতিদিন যা আয় করি, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে এলে মেয়েটির স্বপ্ন বাঁচানো সম্ভব।

রুকাইয়ার পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, তার অসাধারণ ফলাফল বিবেচনা করে সমাজের বিত্তবান ও মানবিক প্রতিষ্ঠানগুলো সহায়তায় এগিয়ে আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন