যাত্রীর লাগেজ, শরীর, বিমানের আসনের নিচে কিংবা শৌচাগার—স্বর্ণ চোরাচালানের নানা কৌশল ধরা পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এক চালানেই উদ্ধার হয়েছে ১০৫ কেজি স্বর্ণ। সাম্প্রতিক বছরগুলোতেও শত শত ঘটনায় স্বর্ণ জব্দ হয়েছে। গ্রেপ্তার হয়েছেন বাহক ও যাত্রী, হয়েছে মামলাও। তবে এসব চালানের অর্থদাতা, প্রকৃত মালিক ও গন্তব্যে স্বর্ণ গ্রহণকারীদের শনাক্ত করার ক্ষেত্রে সাফল্যের হার খুবই সীমিত। ফলে বাহকরা ধরা পড়লেও আড়ালেই থেকে যাচ্ছেন চোরাচালানের মূল হোতারা।
বিমানবন্দর সূত্র জানায়, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ২৬২টি ঘটনায় মোট ১৬১ দশমিক ৭২৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় বাহক বা যাত্রী হিসেবে সংশ্লিষ্ট ছিলেন ২৫২ জন। তাদের মধ্যে ১৯৭ জন পুরুষ ও ৫৫ জন নারী। এ ছাড়া ১০টি চালান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, শুধু বাহক বা পরিবহনকারীদের গ্রেপ্তার করে চোরাচালানের পুরো চক্র ভাঙা সম্ভব নয়। এর জন্য অর্থদাতা, চালানের প্রকৃত মালিক ও স্বর্ণের গ্রহণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দীর্ঘদিনের কর্মকর্তা সহকারী পরিচালক বিল্লাল হোসেন বলেন, স্বর্ণ চোরাচালানের ঘটনায় যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। মূল হোতাদের গ্রেপ্তার করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) উপকমিশনার কাজী আবদুর রহীম বলেন, স্বর্ণ চোরাচালানের মামলা তাদের কাছে এলে নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। অনেক সময় মূল হোতাদেরও সামনে আনা হয়। তবে তিনি দায়িত্ব নেওয়ার পর এ ধরনের কোনো মামলা এসেছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি।
এক চালানে ১০৫ কেজি স্বর্ণ
শাহ আমানত বিমানবন্দরে বড় চালান জব্দের ঘটনা ঘটে ২০১৪ সালের ২৫ মার্চ। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রীদের আসনের নিচে পাওয়া যায় ৯০২টি স্বর্ণের বার। প্রায় ১০৫ কেজি ওজনের সে স্বর্ণের তৎকালীন বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়।
একই বছরের ১৪ জুন কাস্টমস লাউঞ্জে পরিত্যক্ত বাক্স থেকে ১৩৮টি এবং ৪ সেপ্টেম্বর ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ২৮ কেজি ওজনের ২৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরের বছর ২০১৫ সালের ২ মার্চ কার্গো শেডে চার্জার লাইটের ব্যাটারিতে লুকানো ২৩ কেজি ওজনের ২০০টি বার এবং ১২ মে বিমানবন্দরের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় ২৬০টি এবং দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে আরো ৬৫টি বার উদ্ধার করা হয়। কয়েকজন যাত্রীকে আটক করা হলেও এসব চালানের প্রকৃত মালিকদের অনেককেই শনাক্ত করা যায়নি। এক পর্যায়ে অজ্ঞাত কারণে এসব ঘটনার তদন্তও থেমে যায়।
সাম্প্রতিক পরিসংখ্যানেও চোরাচালানের ধারাবাহিকতা স্পষ্ট। ২০১৯ সালে ২২টি ঘটনায় ৫৪ দশমিক ২৭৭ কেজি এবং ২০২০ সালে ১৯টি ঘটনায় ৫০ দশমিক ১৫৩ কেজি স্বর্ণ জব্দ হয়। অর্থাৎ এই দুই বছরেই মোট জব্দের বড় অংশ ধরা পড়ে। করোনাকালে ২০২১ সালে তা কমে এক দশমিক ৬০১ কেজিতে নেমে আসে। ২০২৩ সালে ৩৩টি ঘটনায় ২১ দশমিক ৬১৪ কেজি, ২০২৪ সালে ১০৪টি ঘটনায় ১০ দশমিক ৩৪৯ কেজি এবং ২০২৫ সালে ৬৫টি ঘটনায় আট দশমিক ৪৮৩ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত চারটি ঘটনায় উদ্ধার হয় চার দশমিক ০৯৪ কেজি।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে স্বর্ণ জব্দের পরিমাণ কমলেও ঘটনার সংখ্যা বেড়ে ১০৪-এ দাঁড়ায়। ফলে জব্দের পরিমাণ কমাকে চোরাচালান কমে যাওয়ার সরাসরি প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
ধরা পড়ে ২০-৩০ শতাংশ, তদন্তে ঘাটতি
স্বর্ণ চোরাচালানের ঘটনায় দুবাই, শারজাহ, আবুধাবি ও মাসকাট থেকে আসা যাত্রীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চলতি বছরের ১ আগস্ট শারজাহ থেকে আসা এক ভারতীয় যাত্রীর অন্তর্বাসে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। ১৮ সেপ্টেম্বর মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পাওয়া যায় ৫৩৪ গ্রাম স্বর্ণ।
গোয়েন্দা সূত্রের দাবি, চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের ২০-৩০ শতাংশ ধরা পড়ে। বাকি অংশ নজরদারি এড়িয়ে গন্তব্যে পৌঁছে যায় বলে তাদের ধারণা। সূত্রগুলোর ভাষ্য, চট্টগ্রামকে কেন্দ্র করে চোরাচালানের একটি অংশ ভারতের স্বর্ণ ব্যবসায়ীদের কাছে পৌঁছায়। এ ক্ষেত্রে বাহক, স্থানীয় সংগ্রাহক ও সীমান্তপারের ক্রেতাদের মধ্যে যোগসূত্র রয়েছে।
তবে মামলা ও বিচারের অগ্রগতিতে ঘাটতি রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের আগের নয় বছরে চোরাচালানসংক্রান্ত প্রায় ৫০টি মামলার মধ্যে ৪১টির বিচার ঝুলে আছে। এসব মামলার একটিতে আবদুস শুক্কুরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০১৫ সালের এপ্রিলে দুবাই থেকে ফেরার পর ৪০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরের বছর চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে তার এ সাজা হয়।
২০২৪ সাল থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত স্বর্ণ চোরাচালান আইনে সাতটি মামলা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে একটি, ২০২৫ সালে চারটি এবং ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দুটি মামলা দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন নয়জন। অথচ একই সময়ে বিমানবন্দরে স্বর্ণ জব্দের ঘটনা ঘটেছে ১৭৩টি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার শওকত আলী বলেন, বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


