চট্টগ্রাম বন্দর

সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের মেয়াদ বাড়ল আরো তিন সপ্তাহ

সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের মেয়াদ বাড়ল আরো তিন সপ্তাহ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের চুক্তি অনুযায়ী, সোমবার সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হলো।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন দপ্তর থেকে এ বিষয়ে গতকাল একটি চিঠি জারি করা হয়।

বন্দর পরিবহন পরিচালকের পক্ষে জারি করা ওই চিঠিতে বলা হয়, আগের চুক্তির শর্ত অনুযায়ী ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অপারেটর নিয়োগের কার্যক্রম চলমান থাকায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে চুক্তির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, আগের চুক্তির নিয়ম ও শর্ত অনুযায়ী সাইফ পাওয়ারটেক আরো তিন সপ্তাহ সিসিটি পরিচালনার দায়িত্বে থাকবে। ৩ নভেম্বর থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিসিটির। ২০১৯ সালের ১৭ অক্টোবর থেকে সাইফ পাওয়ারটেক সিসিটি পরিচালনা করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন