কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক ও এক শিশুসহ দুইজনের করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাফি (২৩) নিহত হন। নিহত রাফি চান্দিনা উপজেলার এতবারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
অন্যদিকে, একই দিন বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক পথচারী শিশু নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ উভয় ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক গাড়ি ও চালকদের শনাক্তে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

