আইএমএফ-বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

আইএমএফ-বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের ডব্লিউবিজি-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে আসন্ন সভাপতি হিসেবে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সভায় ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

পাকিস্তানের জন্য এ ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়। ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো দেশটি এ দায়িত্ব পেতে যাচ্ছে।

মন্ত্রণালয় বলেছে, এ দায়িত্বের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নবিষয়ক আলোচনায় অবদান রাখা এবং সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাবে পাকিস্তান।

সভা শেষে চিমাকে সভাপতির দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায় বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয়। এছাড়া বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সচিব আরাধনা কুমার কাপুর এবং বিদায়ী সভাপতি ও প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভাল্লো স্প্যালডিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর মতামতকে গুরুত্ব দেওয়া, উন্নয়ন অর্থায়ন আরো কার্যকর ও পূর্বানুমানযোগ্য করা, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন চিমা।

বর্তমানে ৭০০ কোটি ডলারের বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের স্থিতিস্থাপকতা ও টেকসই তহবিল (আরএসএফ) কর্মসূচির আওতায় আইএমএফের সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তান।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন