পুলিশ-বিজিবির যৌথ অভিযানে

ভূরুঙ্গামারীতে চোরাই ৫৫ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

ভূরুঙ্গামারীতে চোরাই ৫৫ ভারতীয় মোবাইলসহ যুবক আটক
ছবি: আমার দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় চোরাই মোবাইলসহ এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবক আটক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় নামক স্থানে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মোবাইলসহ তাকে আটক করা হয়। আটক এনামুল ওই এলাকার ময়েন আলীর ছেলে।

পুলিশ ও বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় নামক স্থানে চোরাকারবারি এনামুল হক অন্তরের বিএসসি পাড়া এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে হাঁস-মুরগীর খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এসময় এনামুল হক অন্তরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জব্দকৃত মোবাইল গুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি, ভিভোসহ বিভিন্ন ব্রান্ডের ফোন পাওয়া গেছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা।

অভিযান পরিচালনা করেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবাদার মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল ।

পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় নামক স্থানে দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি হয়ে আসছিল।

রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব মোবাইল ক্রয় করে নিয়ে যেত। সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছিল একটি ভারতীয়-বাংলদেশী চোরাচালান চক্র।

এভাবে দেশের অভ্যন্তরে অবৈধ ও রেজিষ্ট্রেশনবিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল ফোন ছড়িয়ে পড়ছিল। এসব ফোন ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের অপরাধ করে আসছিল।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় নামক স্থানটি দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন