রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
তারা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ বিকেলে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ল্ড ফার্নিচার’ দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, কালুখালী উপজেলার মোহনপুরের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তিনি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এবং চর কুলটিয়ার কদর আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বিষয়টি তিনি শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো তাকে কিছু জানানো হয়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

