পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮
খাইবার পাখতুনখোয়ায় পুলিশ পাহারা। ছবি: ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ১৮ সন্ত্রাসী নিহত হয়।

বুধবার কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশ দলের ওপর হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী। পুলিশ জানায়, হামলাকারীদের সঙ্গে অপরাধী চক্রের যোগসাজশ ছিল।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ১৮ জন নিহত হন। সংঘর্ষে প্রাণ হারান খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ সদস্য। এ ঘটনায় জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটে, যা গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে হামলা চালাচ্ছে। তবে এ নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও বিরোধের সমাধান হয়নি।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন